তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এদিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নানা কর্মসুচীর মাধ্যমে এদিবস পালিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিমনার (ভুমি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এম এ জিন্নাহ্, পৌর বিএনপি‘র সহ:সভাপতি আইনুল হক বুলবুল, সাধারণ সম্পাদক হারেজ গণি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, আব্দুল ওয়াহেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামী দুর্গাপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম ফকির, ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই সময়ের রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে সংঘটিত অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনাপ্রবাহে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেইসাথে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে এই ইতিহাস তুলে ধরতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আহবান জানানো হয়। আলোচনা শেষে, উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ দেশের গান পরিবেশন করে।
আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০
