শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দূর্গাপুরের পৌরশহরের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এক লাখ সতেরো হাজার তিনশত টাকা মূল্যের বিপুল প্রসাধনী ও খাদ্যসামগ্রী জব্দ করেছেন পুলিশ। আজ শনিবার (৩১অক্টোবর) দুপুরের দিকে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে শুক্রবার (৩০অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দূর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেশওয়ালি পাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় প্রিয়ম সাহা নামের এক তরুণকে আটক করা হয়েছে। আটককৃত প্রিয়ম সাহা ওই এলাকার প্রদীপ সাহা’র ছেলে।
আটককৃত ওই তরুণ একজন শিক্ষার্থী। একজন শিক্ষার্থীর বসতঘর থেকে এমন বাণিজ্যিক পণ্য উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দেশওয়ালি পাড়ায় প্রিয়ম সাহার বসতবাড়িতে অভিযান চালায় দূর্গাপুর থানা পুলিশ।
এ সময় তার বসতঘরের উত্তর পাশের একটি কক্ষ তল্লাশি করে মজুদ রাখা বিপুল মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে পাঁচশো কেজি ফুচকা, যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা (প্রতি কেজি একশো টাকা দরে)।
এছাড়া প্রসাধনীর মধ্যে রয়েছে এক হাজার আটশো পিস হারমনি সাবান, প্রতি পিস ২০টাকা হিসেবে যার মূল্য ৩৬ হাজার টাকা। শীতের আগমনী সময়ে চাহিদা সম্পন্ন একশো মিলি লিটারের ১৯০টি অলিভ অয়েল (প্রতিটি ৯০ টাকা দরে ১৭ হাজার একশো টাকা) এবং তিনশো মিলিলিটারের ৪০টি অলিভ অয়েল (প্রতিটি ২৩০ টাকা দরে নয় হাজার দুইশো টাকা) জব্দ করা হয়।
পাশাপাশি প্রতি কেজি পাঁচশো টাকা দরে পাঁচ হাজার টাকা মূল্যের ১০ কেজি জিরাও উদ্ধার করেছে পুলিশ। জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য প্রায় এক লাখ সতেরো হাজার তিনশো টাকা। দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়েছে এবং জড়িত একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত মালামালের উৎস ও এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।
আয়শা/০১ নভেম্বর ২০২৬,/রাত ১:২২
