খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর জেলা প্রতিনিধি : অনৈতিক ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ নারী এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়িসহ চালককে আটক করেছে পালং মডেল থানা পুলিশ।
১৮ অক্টোবর দুপুর ১২টার দিকে জেলা শহরের তুলাসার গ্রামে একটি আবাসিক ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা চলতি মাসের ৮ তারিখ থেকে ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে উঠে অসামাজিক কর্মকান্ড সহ মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িয়ে পড়ে এমন অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
বাড়ির কেয়ার টেকার, স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, চলতি মাসের ৫ তারিখে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক ও শরীয়তপুর সদর উপজেলার তুলাসার গ্রামের আবু কালাম আকনের ছেলে আবুল বাশার আকন বাসা ভাড়ার জন্য যায়। ৮ অক্টোবর শরীয়তপুর জেলা কারাগারের পূর্ব পাশের্^ মশিউর রহমান হাওলাদারের বহুতল আবাসিক ভবনের নিচ তলায় ফ্লাট বাসা ভাড়া নেয়।
১০ অক্টোবর সেই বাসায় ৩ নারী উঠে বসবাস শুরু করে। তার পর থেকে তাদের কাছে অচেনা পুরুষদের আনাগোনা বেড়ে যায়। বাসা ভাড়া নেয়া আবুল বাশারও নিয়মিত সেখানে যেতেন। ভাড়া নেয়ার ১০ দিনের মাথায় বাসাটি মাদক ও অসামাজিক কাজের অভয় অরণ্য হয়ে ওঠে। বিষয়টি প্রতিবেশীদের চক্ষুশুল হয়ে ওঠে। রোববার সকালে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক সরকারি গাড়ি বাসার সামনের গলিতে পার্কিং করে রেখে সেই বাসায় গিয়ে মাদক সেবন ও অনৈতিক কাজে লিপ্ত হয়। পরবর্তীতে স্থানীয়রা ৩ নারীসহ তাকে আটক করে পালং মডেল থানা পুলিশে সোপর্দ করে।
আটককৃত নারীরা জানায়, আবুল বাশার তাদের খালাত ভাই হয়। সে বাসা ভাড়া করে দেয়। তাদের বাসায় অনেকে এসে মাদক সেবন করতেন। অনেকে আবার অনৈতিক কাজ করতে চাইতেন। অনৈতিক কাজে রাজী না হওয়ায় স্থানীয়রা তাদের মিথ্যা অভিযোগে আটক করেছে। ইউএনও’র সরকারি গাড়ি চালক আবুল বাশার জানায়, ওই নারীদের সাথে তার মৌখিক সম্পর্ক। ওই নারীরা তার খালাতো বোন না। বোরবার ডিসি অফিসে মিটিংয়ে তার স্যারকে রেখে তরুণিদের সাথে সে দেখা করতে যায়। তখন স্থানীয়রা তাকে সহ নারীদের আটক করেছে।
ঘটনস্থল থেকে পালং মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক আবদুস শুকুর জানায়, অনৈতিক কাজ ও মাদক সেবনের অভিযোগে ৩ নারীসহ একজন পুরুষকে আটক করা হয়েছে। এসময় মাদক সেবনের বিভিন্ন ধরণের উপকরণ উদ্ধার করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার সালাহউদ্দিন আইয়ুবী’র সাথে দেখা করে তার মতামত জানতে চাওয়া হয়। তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:১২
