দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য

Ayesha Siddika | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ - ০৪:৫৬:২৩ পিএম

ডেস্ক নিউজ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। সংস্থাটির দায়িত্বপূর্ণ এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। আগামী ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ ছাড়া বিসর্জনের সময় নৌপথে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ ডুবুরি দল।

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থাটির দায়িত্বপূর্ণ এলাকার চারটি জোনে মোট ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোন বা চট্টগ্রামে ৬৩টি, পশ্চিম জোন বা মোংলায় ১৪৪টি এবং দক্ষিণ জোন বা ভোলায় ৩৭১টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সাম্প্রদায়িক উসকানি, গুজব ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিমা বিসর্জনের সময় নৌপথে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল বন্ধ রাখা, নৌযানে থাকা সবার লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না ওঠার বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

এ ছাড়া প্রতিমা বিসর্জনের স্থানে নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। কোস্ট গার্ড জানিয়েছে, ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা পেতে সংস্থাটির জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

 

আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad