ডেস্ক নিউজ : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করে তিনি এ কথা জানান।
চাঁদাবাজ-সন্ত্রাসীদের তৎপরতা রুখতে সরকার ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছে বলে কিছু সংবাদমাধ্যমে খবর এসেছে। ওই অভিযান চালানো হয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। তবে সে খবর উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ধরনের কোনো অভিযানের পরিকল্পনা আছে কিনা- জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের অপারেশন ক্লিন হার্টের মতো কোনো পরিকল্পনা নাই।’আরেক সাংবাদিক এ সময় বলেন, খুলনায় পুলিশ যেখানে নিজেই রাতে চলাচলে ভয় পাচ্ছে তাহলে তারা কিভাবে মানুষের নিরাপত্তা দেবে?
জবাবে স্বারষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ অপরাধ দমন করতে গেলে, মাঝে মধ্যে আক্রমণের শিকার হয়। এটা নতুন কোন বিষয় নয়। আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেব।’
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা, ডিসেম্বরকে ঘিরে নাশকতার পরিকল্পনা এবং বিরোধী দলের আন্দোলন সবমিলিয়ে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জোন ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন আইজিপি মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজিপি (সিআইডি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:১৮
