আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ আওতায় রিয়াদের পাশে থাকার প্রত্যয় জানান তিনি। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতিও পূর্ণ সমর্থন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
জোটের মহাসচিব নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তির আওতায় ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করা এবং দ্রুত সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে একমত হয় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব।
পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নওমান মাহমুদ বৈঠকে চুক্তির কাঠামোর আওতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
আয়শা/১৪ অক্টোবর ২০২৬,/দুপুর ১:৩৩
