মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা।

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ - ০৪:৫৮:০৭ পিএম
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রানা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কাটার দায়ে মো. রানাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রানা মাটিরাঙ্গার মিস্ত্রিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। পাহাড় কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও পাহাড় কাটা প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, পাহাড় কাটা পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ। তাই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আয়শা/১২ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৫০
▎সর্বশেষ

ad