স্পোর্টস ডেস্ক : মাঠে নেই ছন্দ, দেখেছেন লাল কার্ড- এবার প্রেমেও বিচ্ছেদ! রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। মাঠের খারাপ সময়ের মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। মে মাসে আলাদা হওয়ার পর জুলাইয়ে ফের এক হয়েছিলেন তারা। কিন্তু সেই সম্পর্কও টিকল মাত্র তিন মাস!
ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তবে এই বিচ্ছেদে নেই কোনো ঝগড়াঝাঁটি, নেই নাটকীয় বাকযুদ্ধ কিংবা একে অপরকে দোষারোপের পালা। দুজনের সিদ্ধান্তেই সম্পর্কের ইতি ঘটেছে বলে জানানো হয়েছে। বলা যায়, এবার প্রেমের ম্যাচে কেউ কাউকে লাল কার্ড দেখাননি, দুজনেই স্বেচ্ছায় প্রেমের ময়দান ছেড়েছেন!
ভার্জিনিয়ার প্রতিনিধিদের ভাষ্য, ‘এই জুটি আর একসঙ্গে নেই। কোনো বিরোধ হয়নি, কোনো ঝগড়াও হয়নি। শুধু তারা আর যুগল হিসেবে একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।’তবে বিচ্ছেদের কারণ নিয়ে আপাতত রহস্যের পর্দা নামেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণকে কেন্দ্র করে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল।
কিন্তু তখন ভার্জিনিয়ার প্রতিনিধিরা জানিয়েছিলেন, তার সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই এই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। ফলে মায়ামি সফরকে বিচ্ছেদের নিশ্চিত কারণ হিসেবে দেখার সুযোগ নেই।
ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার প্রেমের গল্পের টাইমলাইনটাও বেশ নাটকীয়। ২০২৫ সালের অক্টোবরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর চলতি বছরের মে মাসে সম্পর্কে ছেদ পড়ে। কিন্তু সেই বিচ্ছেদ দীর্ঘস্থায়ী হয়নি-জুলাইয়েই আবার কাছাকাছি আসেন দুজন। ভক্তরাও হয়তো ভেবেছিলেন, এবার বুঝি প্রেমের গল্পে নতুন অধ্যায় শুরু হলো। কিন্তু তিন মাস যেতে না যেতেই ফের বিচ্ছেদ!
এদিকে মাঠের অবস্থাও ভিনিসিয়ুসের জন্য খুব একটা স্বস্তির নয়। প্রত্যাশিত ছন্দে নেই তার খেলা, দেখেছেন লাল কার্ড, সামনে একাধিক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কাও রয়েছে। তার ওপর ব্যক্তিগত জীবনে সম্পর্কের এমন ভাঙাগড়া-সব মিলিয়ে ব্রাজিলিয়ান তারকার সময়টা যে মোটেও সুখকর যাচ্ছে না, তা বলাই যায়।
আয়শা/১২ অক্টোবর ২০২৬,/দুপুর ১:০০
