সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ - ০৭:৩৩:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হুতিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে থাকা মার্কিন মিশন।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কথা উল্লেখ করে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জারি করা সতর্কবার্তায় মার্কিন মিশন জানায়, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং দেশটির বিভিন্ন এলাকায় আকাশপথে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা বিবেচনায় নিয়ে এ সতর্কতা দেওয়া হয়েছে।

মার্কিন নাগরিকদের সবসময় সতর্ক থাকতে এবং সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের জারি করা জাতীয় সতর্কবার্তা ও নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

মার্কিন মিশনের সতর্কবার্তায় বলা হয়, সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা গুরুত্বের সঙ্গে মেনে চলা উচিত।

ইয়েমেনভিত্তিক হুতিদের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা নতুন করে সামনে এসেছে। এর আগে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন মিশনের এই সতর্কতা মূলত সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন করার অংশ। তবে সতর্কবার্তায় কোনো নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট সময়ে হামলা হবে—এমন তথ্য জানানো হয়নি।

এদিকে সৌদি আরবের সিভিল ডিফেন্সের সতর্কতা ও নির্দেশনা অনুসরণ করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন মিশন।

 

 

আয়শা/০৬ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

▎সর্বশেষ

ad