উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ - ১০:২৭:০৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ঘিরে যখন দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন আন্দোলনরত মানুষের পাশে দাঁড়ানোর নতুন উদ্যোগ নিয়েছেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার (৩ অক্টোবর) তিনি ‘সত্যাগ্রহ’ নামে একটি নতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে চলা আন্দোলন, অভিযোগ ও মানুষের বক্তব্য এক জায়গায় তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নানা বিষয়ে আন্দোলন চলছে। কোথাও শিক্ষার্থীরা নিজেদের দাবি নিয়ে পথে নেমেছেন, কোথাও নারীরা প্রতিবাদ করছেন, কোথাও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। বিরোধী দলনেতা হিসেবে তিনি এসব আন্দোলনের তথ্য এক জায়গায় সংরক্ষণ করতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যেই ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইটে সাধারণ মানুষ তাদের অভিযোগ ও আন্দোলনের তথ্য জানাতে পারবেন। আন্দোলনকারীরা নিজেদের নাম, সংগঠনের নাম এবং কী কারণে আন্দোলন করছেন, সেই তথ্য জমা দিতে পারবেন বলে জানিয়েছেন রাহুল।

তিনি বলেন, অভিযোগ ছোট হোক বা বড়, মানুষ যেন নিজেদের কথা জানাতে পারেন সেটিই এই উদ্যোগের উদ্দেশ্য। প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছেন তিনি। রাহুলের বক্তব্য অনুযায়ী, নতুন প্রজন্ম, শিক্ষার্থী, কৃষক, জনজাতি ও নারীদের প্রত্যেকের আন্দোলনের আলাদা কাহিনি রয়েছে। কিন্তু একজন মানুষের কণ্ঠস্বর অনেক সময় একা থাকলে তা চাপা পড়ে যায়। তাই বিভিন্ন মানুষের কণ্ঠস্বরকে এক জায়গায় এনে একটি বৃহত্তর চিত্র তুলে ধরতেই এই উদ্যোগ।

মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন থেকেই এই উদ্যোগের নাম নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রাহুল। তিনি বলেন, মানুষের আন্দোলনের কাহিনি একটি মানচিত্রে জায়গা পাবে। একই ধরনের দাবিতে আর কারা আন্দোলন করছেন, তাও মানুষ জানতে পারবেন। বিরোধী দলনেতা হিসেবে আন্দোলনরত মানুষের পাশে থাকার দায়িত্ব নিজের বলে দাবি করেছেন রাহুল। সংসদের ভিতরে কিংবা রাস্তায়, চিঠি লেখার মাধ্যমে কিংবা মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি তাদের পাশে থাকার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। রাহুলের এই উদ্যোগের সময়টিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআরকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত চলছে। 

বিরোধীদের একাংশ ভোট চুরির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে। এদিকে ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর থেকে ফের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ডাক দিয়েছেন। ফলে রাহুলের নতুন ‘সত্যাগ্রহ’ উদ্যোগকে ঘিরে দেশের চলমান রাজনৈতিক আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/রাত ১০:২৫

▎সর্বশেষ

ad