কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ - ১০:৪৭:৩৭ পিএম

ডেস্ক নিউজ : কুমিল্লায় ডিবির বিশেষ অভিযানে কুখ্যাত রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডারকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতাররা হলেন, ‘টিম র’-এর গ্যাং প্রধান ইমরান হোসেন রতন (১৯)। তার বিরুদ্ধে খুন, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্রসহ ৯টি গুরুতর মামলা রয়েছে।

সাইফুল ইসলাম (২০) এর বিরুদ্ধে একই অভিযোগে ১০টি মামলা রয়েছে। ‘ক্রাইম সেটআপ’-এর প্রধান মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)। উভয়ের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মামলা রয়েছে। ডিবি পুলিশ জানায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বস্তি ফেরাতে কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১০ দিন ধরে জেলাজুড়ে ডিবি ও পুলিশের যৌথ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ২ হাজারেরও বেশি সন্দেহভাজন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকা বাকিদের সতর্কতামূলক মুচলেকা নিয়ে পুনর্বাসনের স্বার্থে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আমরা গ্যাং কালচার নির্মূল করব। কিশোরদের অপরাধে প্ররোচিত বা পৃষ্ঠপোষকতায় জড়িত গডফাদারদের খুঁজে বের করা হবে। জেলা থেকে কিশোর গ্যাং কালচার সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, সন্তানরা কার সঙ্গে চলাফেরা করছে এবং কোথায় সময় কাটাচ্ছে—সে বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকতে সর্বস্তরের অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad