পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ - ০৫:৩৪:৪২ পিএম

ডেস্ক নিউজ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি নিয়ে একটি বিশেষ কার্গো বিমান ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউরেনিয়াম বহনকারী বিমানটির বাংলাদেশে আসার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তান তার আকাশ সীমার ওপর দিয়ে পরিবহণের অনুমতি দেয়নি। তাই এখন রুট পরিবর্তন করে চীনের ওপর দিয়ে আনা হয়েছে ইউরেনিয়াম।

এর আগে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় চালানটি পিছিয়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। বৃহস্পতিবার জ্বালানি আসার কথা থাকলেও লজিস্টিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় চালানটি আসার পর ইউরেনিয়াম নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পুলিশসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রথম দফায় পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছায়। রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে পরবর্তী সরবরাহের কার্যক্রমে ধীরগতি দেখা দেয়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান রোসাটম জানিয়েছে, রূপপুরের জন্য প্রয়োজনীয় পুরো জ্বালানি সরবরাহ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। কর্মকর্তাদের আশা, চলতি বছরের শেষ নাগাদ কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad