ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ - ০১:৩৬:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির ওপর ৪৭৪টি হামলা চালিয়েছে। এতে গোষ্ঠীটির ১ হাজার ৫৪০ জন সেনা নিহত বা আহত হয়েছে।

আল-নাজিলি বলেন,  হুথিদের অবস্থান, গতিবিধি, অতিরিক্ত সেনা বা রসদ এবং সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে চালানো এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় হারাদ এবং উপকূলীয় এলাকা থেকে শুরু করে কিতাফ, আল-জাউফ, মারিব, আল-বায়দা, লাহজ, সানা ও সাদা পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে অভিযান চালানো হয়। তবে তাইজ অঞ্চলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, হুথিদের সমাবেশস্থল, অতিরিক্ত সেনা বা রসদ, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য সামরিক সক্ষমতাই ছিল এসব অভিযানের লক্ষ্য।

নাজিলি দাবি করেন, অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছে, যাদের অধিকাংশই তাইজ রণাঙ্গনের। এ ছাড়া ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও দাবি করেন, এসব অভিযানের ফলে তাইজে হুথিদের অগ্রযাত্রা থমকে গেছে এবং তারা স্থলভাগে কোনো বড় ধরনের সাফল্য বা অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে।

ইয়েমেনজুড়ে তীব্র লড়াইয়ের মধ্যেই এই ঘোষণা এল। এর আগে শুক্রবার সেনাবাহিনী জানিয়েছিল, তাইজে হুথিদের গতিবিধি লক্ষ্য করে তাদের যুদ্ধবিমান ২০টি হামলা চালিয়েছে।

সরকারি বাহিনী সানা ও সাদায় ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত স্থানগুলোতে হামলার কথা জানিয়েছে।

এর আগে গত বুধবার সেনাবাহিনী জানিয়েছিল, তারা তিনটি রণাঙ্গনে হুথি যোদ্ধা ও সামরিক সরঞ্জামের বিরুদ্ধে ৪৬৮টি অভিযান চালিয়েছে এবং এতে শত শত হুথি হতাহত হয়েছে।

২০১৪ সালে হুথিরা সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেন সংঘাতের কবলে পড়ে। এর জেরে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/দুপুর ১:৩৩

▎সর্বশেষ

ad