৪৩, ৪৪ এবং ৪৮তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অবিলম্বে নিয়োগের দাবি ভুক্তভোগী প্রার্থীদের

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ - ১২:৫৫:২৮ পিএম

বিশেষ প্রতিনিধি : ভেরিফিকেশনের নামে বৈষম্যের শিকার ৪৩তম, ৪৪তম এবং ৪৮তম বিসিএসের গেজেটবঞ্চিত প্রার্থীরা অবিলম্বে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছেন। গতকাল ২ অক্টোবর(২০২৬) শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে ৪৩,৪৪ ও ৪৮ তম বিসিএসের গেজেটবঞ্চিত চাকরী প্রার্থীরা “গেজেট আমার অধিকার” শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

গেজেটবঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কানজিলাল রায় জীবন। এ সময় উপস্থিত সৌরভ সরকার দীপ্র,রেদওয়ান হাসান,শফিউল ইসলাম সজন ও মোহাম্মদ তাসি উদ্ দৌলা বাপ্পি সহ অনেকে।সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভেরিফিকেশন প্রক্রিয়ার অপব্যবহার করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক প্রার্থীকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘ ৪-৫ বছরের কঠোর অধ্যবসায় ও পিএসসি’র সুপারিশ সত্ত্বেও তারা কাঙ্ক্ষিত ক্যাডার সার্ভিস থেকে বঞ্চিত হয়েছেন। 

লিখিত বক্তব্যে প্রার্থীরা অভিযোগ করেন, ৪৩তম বিসিএসে দুই দফায় গেজেট ও সম্পূরক গেজেট প্রকাশের পরও ৬৫ জন প্রার্থী এখনও চূড়ান্তভাবে বঞ্চিত রয়েছেন। অথচ তাদের বেশিরভাগেরই প্রাথমিক ভেরিফিকেশন ও গেজেট প্রকাশ সম্পন্ন হয়েছিল। কিন্তু গোয়েন্দা সংস্থার রিপোর্টে ভিন্নতা এবং ভিত্তিহীন ‘জনশ্রুতি’র ওপর নির্ভর করে কোনো ধরনের রাজনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকা সত্ত্বেও তাদের আটকে রাখা হয়। এমনকি গেজেটবঞ্চিত এই প্রার্থীদের অনেকেই পূর্বে বিভিন্ন সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

একইভাবে ৪৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকারীসহ মোট ২০ জন এবং ৪৮তম (বিশেষ) বিসিএসে ২৩ জন চিকিৎসককে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। প্রার্থীদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় বৈষম্য, রাজনৈতিক ট্যাগ প্রদান এবং সাম্প্রদায়িকতার প্রতিফলন দেখা গেছে। সংবাদ সম্মেলনে প্রার্থীরা আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ‘মেরিটোক্রেসি’ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

সম্প্রতি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন জটিলতায় বাদ পড়া প্রায় ২৫০০ প্রার্থীকে সরকারের দ্রুত হস্তক্ষেপে পুনরায় গেজেটভুক্ত করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তারা। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হলেও তাদের এই ৩টি বিসিএস ব্যাচের বিষয়ে এখনও কোনো দৃশ্যমান ও ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় তারা গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। 

এমতাবস্থায়, দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তার অবসান ঘটাতে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। প্রার্থীরা আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ও কার্যকর হস্তক্ষেপে অতিদ্রুত তাদের গেজেট প্রকাশ করে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, আমরা ফ‍্যাসিবাদের দোসর হলে এই সময় কারাগারে বন্দি থাকার কথা । কিন্তু আমরা আওয়ামী লীগের দোসর নয় বলেই মুক্ত বাতাসে মুখ খোলে কথা বলছি। কাজেই আমাদের গেজেট প্রকাশ করা উচিত ।

 

 

আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৫৪

▎সর্বশেষ

ad