টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশ সেরা জাবি

Ayesha Siddika | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ - ১১:২৬:৪৬ পিএম

ডেস্ক নিউজ : টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ৮০১-১০০০তম অবস্থানের এ তালিকায় অ্যালফাবেটিক্যাল ক্রমে যৌথভাবে শীর্ষে রয়েছে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়- টিচিং, রিসার্চ এনভায়রোনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুক—এই পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র‍্যাংকিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশনের র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।  

এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র‍্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গবেষণা খাত এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে। এ প্রণোদনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:২৪

▎সর্বশেষ

ad