পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সৈকত

Ayesha Siddika | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ - ১০:০৩:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে খেলবে না বাংলাদেশ। তিন দলের এই লড়াইয়ে বাংলাদেশের উপস্থিতি থাকছে আম্পায়ারিংয়ে। পুরো সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

১৮ থেকে ৩১ অক্টোবর পাকিস্তানে হবে সাত ম্যাচের এই সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত সিরিজের সাত ম্যাচেই অনফিল্ড কিংবা তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ওই ম্যাচে তৃতীয় আম্পায়ার থাকবেন সৈকত। ২০ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।

২২ অক্টোবর শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে আবার তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। এরপর ২৫ অক্টোবর লাহোরে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই আম্পায়ার। ২৭ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে তৃতীয় আম্পায়ার এবং ২৯ অক্টোবর শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালেও তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।

সৈকতের সঙ্গে পুরো সিরিজে আম্পায়ারিং প্যানেলে থাকবেন পাকিস্তানের আহসান রাজা। এ ছাড়া নিউজিল্যান্ডের ওয়েন নাইটস, পাকিস্তানের আসিফ ইয়াকুব, নাসির হুসেইন ও রশিদ রিয়াজ ওয়াকার রয়েছেন প্যানেলে। সাত ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার জেফ্রি ক্রো। ২০২৬-২৭ মৌসুমের জন্য আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের তালিকায় জায়গা ধরে রেখেছেন সৈকত। বাংলাদেশের একমাত্র আম্পায়ার হিসেবেও এই প্যানেলে রয়েছেন তিনি।

 

আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad