আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানটি কো-পাইলট বিধ্বস্ত করার চেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিমানটির ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতি হয়। এর এক পর্যায়ে বিমানের প্রধান পাইলট বা ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করেন তার কো-পাইলট। এরপর বিমানটি মাত্র ২ মিনিটের ব্যবধানে ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। তবে বিমানের ভেতর থাকা অন্য যাত্রী ও অন্য দুজন পাইলটের সহায়তায় এটি নিরাপদে সৌদি আরবের তাবুকে অবতরণ করে।
বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা হয়েছে উল্লেখ করে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, “আজ সকালে অত্যন্ত গুরুতর ঘটনা ঘটে। ফ্লাইটে থাকা প্রায় সব যাত্রী ছিলেন ইসরায়েলি। বিমানের এক পাইলট আরেক পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। আর তার সব কাজকর্ম নির্দেশ করছে তিনি বিমানটি যাত্রীসহ বিধ্বস্ত করার চেষ্টা করেছেন।”
ওই বিমানে থাকা এক ইসরায়েলি যাত্রীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে এ দখলদার আরও বলেছেন, “তিনি (যাত্রী) আমাকে জানিয়েছেন বিমানটি খাড়াখাড়িভাবে নিচে নামছিল। তিনি অপর একজন ক্রুকে নিয়ে কোনোভাবে ককপিটে প্রবেশ করতে সমর্থ হন। ওই কো-পাইলট তখন বিমানের সিস্টেম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিলেন। তবে তারা সবাই মিলে তাকে থামাতে সমর্থ হন।
এরমধ্যে ককপিটে আরেকজন ক্রু প্রবেশ করেন এবং তিনি বিমানটি স্থিতিশীল করতে সমর্থ হন।”সৌদি কর্মকর্তারা এখন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। সাধারণ যাত্রীরা মিলে একটি গুরুতর ট্রাজেডি ঠেকিয়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৫
