ভয়াবহ বন্যায় ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা

Anima Rakhi | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:৩৩:২৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ব্যাংককের গভর্নর এ ঘোষণা দেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলো হয়, টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ব্যাংককের বিভিন্ন এলাকা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহান্তে আরও বজ্রঝড় হতে পারে।

বার্তা সংস্থাটি জানায়, ব্যাংককে ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) বৃষ্টি হয়েছে। এতে প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও গাড়ির বেশির ভাগ অংশ পানির নিচে চলে গেছে। মানুষকে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করতে দেখা গেছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেছেন, এ পরিস্থিতি মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পদেরও ক্ষতি হতে পারে। খালগুলোর আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে সেনাবাহিনী। তারা আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী রান্নাঘর স্থাপন করছে। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ৮:৩৩

▎সর্বশেষ

ad