ডেস্ক নিউজ : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে দুই দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম হাসিব বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেকটি জায়গায় নিজেদের দলের লোককে বসাচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। পুলিশ ভেরিফিকেশনের নামে ছাত্র-জনতার ওপর যে জুলুম করা হচ্ছে, তা বন্ধ করতে হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দলীয়করণ করা হয়েছে এবং যেভাবে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে, অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ভেরিফিকেশনের নামে যেসব যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, তাদের পুনরায় চাকরিতে স্থান করে দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় বা রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। একইভাবে ক্ষমতাসীন দলের ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেই কাউকে যোগ্যতার বাইরে চাকরি দেওয়া যাবে না।
কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো– প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে পুলিশি যাচাই-বাছাইয়ে বাদ পড়া যোগ্য প্রার্থীদের কোনো রকম তালবাহানা ছাড়া দ্রুত সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে সরকারি চাকরি প্রাপ্তিতে সুবিধা প্রদান কিংবা বঞ্চিত করা যাবে না।
তিনি আরও বলেন, অতিদ্রুত যেসব চাকরির সুপারিশপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে, তাদের পুনর্বহাল করে চাকরি ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের ছাত্রসমাজ আন্দোলন করেছে। যদি আবারও সেই ছাত্রসমাজের সঙ্গে বেইমানি করা হয়, তাহলে আবারও জুলাইয়ের মতো আমরা ছাত্রদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।
কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আয়মান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন, সরদার নাদিম মাহমুদ শুভসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা সরকারকে লাল কার্ড প্রদর্শন করেন।
আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১২:০৫
