টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড

Ayesha Siddika | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৪৪:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছিলেন তরুণী। রুটিন চেকিংয়ের সময় ধরা পড়তেই টিকিট পরীক্ষকের (টিটিই) সঙ্গে জুড়ে দিলেন তুমুল তর্ক। কিন্তু ঘটনা সেখানে শেষ হলে তো আর কথা ছিল না! রেলকর্মীদের বিপদে ফেলতে ও সাজা খাওয়াতে আস্ত একটা নাটকই সাজিয়ে বসলেন তিনি—হঠাৎ নিজের জামাকাপড় নিজেই ছিঁড়ে ফেলে চিৎকার শুরু করলেন। ভেবেছিলেন, নারী নির্যাতনের মিথ্যা দায় টিটিইর ঘাড়ে চাপিয়ে পার পেয়ে যাবেন।

রেল সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর দানাপুর থেকে প্রয়াগরাজগামী ওই ট্রেনের ‘সেকেন্ড এসি’ কামরায় টিকিট পরীক্ষা করছিলেন টিটিইদের একটি দল। এক শিশুকে সঙ্গে নিয়ে সেখানে বসেছিলেন রাধিকা তিওয়ারি নামের ওই তরুণী। টিটিই তার কাছে টিকিট দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। টিকিট না থাকায় তাকে ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। কিন্তু তিনি তা না শুনে সুযোগ বুঝে সোজা ‘থার্ড এসি’ কামরায় গিয়ে গা-ঢাকা দেন।

তবে শেষ রক্ষা হয়নি। টিটিইদের দলটি সেখানেও পৌঁছে যায় এবং তাকে নিয়মানুযায়ী উপযুক্ত টিকিট কেটে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু জরিমানা বা টিকিট কাটা তো দূরের কথা, উলটো রেলকর্মীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন তিনি। তখনই মুখোমুখি আসনে বসা এক যাত্রী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোপনে নিজের মোবাইলে পুরো ঘটনাটি ধারণ করতে শুরু করেন।

ভিডিওতে দেখা যায়, তরুণী দাবি করছিলেন যে, তিনি জরিমানা বা টাকা দিতে রাজি আছেন। তবে টিটিই স্পষ্ট জানিয়ে দেন, উপযুক্ত টিকিট ছাড়া এভাবে ট্রেনে যাওয়া সম্ভব নয়। তর্কাতর্কির একপর্যায়ে তরুণী জানান, তার ভাই নাকি নিজেও একজন টিটিই! হেল্পলাইন নম্বর খোঁজার ছলে পাশের যাত্রীদের শোনান, ওই টিটিই-কে তিনি আজ মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছাড়বেন।

 

 

আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad