এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:১৭:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : জাপানে শুরু হয়েছে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এশিয়ান গেমস। এবারের আসরে অলিম্পিক চ্যাম্পিয়নদের পাশাপাশি আলো ছড়াতে প্রস্তুত বেশ কয়েকজন তরুণ প্রতিভা। কেউ চাইছেন প্রথমবারের মতো পদক জিততে, আবার কেউ নামতে চান নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে। এবারের এশিয়ান গেমসে ছয়টি খেলা প্রথমবারের মতো যুক্ত হয়েছে। কিছু ডিসিপ্লিনে সোনা জিতলে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে সরাসরি জায়গা পাওয়ার সুযোগও রয়েছে। তাই আসরটিতে বেশ কয়েকজন ক্রীড়াবিদের দিকে থাকবে বাড়তি নজর।

ফিলিপাইনের টেনিস তারকা অ্যালেক্স ইলা এবারের অন্যতম আলোচিত মুখ। ২১ বছর বয়সী এই খেলোয়াড় গত মাসে ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ-১০০০ শিরোপা জিতেছেন। এরপর ইউএস ওপেনেও তৃতীয় রাউন্ডে উঠেছিলেন। এশিয়ান গেমসে মেয়েদের এককে সোনা জয়ের অন্যতম দাবিদার তিনি। ২০২২ সালের আসরে ব্রোঞ্জ জেতা ইলা এবার সেই পদককে সোনায় রূপ দিতে চান। বর্তমান চ্যাম্পিয়ন ঝেং কিনওয়েন ও সাবেক বিশ্বসেরা নাওমি ওসাকা এবারের আসরে না থাকায় ইলার সামনে সুযোগও তৈরি হয়েছে।

শ্রীলঙ্কার জ্যাভলিন থ্রোয়ার রুমেশ পাঠিরাগেও থাকবেন নজরে। ২৩ বছর বয়সী এই ক্রীড়াবিদ চলতি বছর ডায়মন্ড লিগ, কমনওয়েলথ ও আলটিমেট চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। ভারতের নীরজ চোপড়া চোটের কারণে সরে দাঁড়ানোয় এশিয়ান গেমসে সোনার অন্যতম দাবিদার তিনি। তবে তার লক্ষ্য শুধু পদক নয়, ৯২.৯৭ মিটারের এশিয়ান রেকর্ডও ভাঙতে চান পাঠিরাগে। চলতি মৌসুমে ৯২ মিটারের বেশি দূরত্বে দুবার থ্রো করা একমাত্র ক্রীড়াবিদ তিনি।

মেয়েদের জ্যাভলিনে ঘরের মাঠের তারকা হারুকা কিতাগুচির দিকেও থাকবে নজর। গত সপ্তাহে বুদাপেস্টে আলটিমেট চ্যাম্পিয়নশিপে ৬৮.৯২ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েছেন জাপানের এই ২৮ বছর বয়সী অ্যাথলেট। এশিয়ান গেমসে এবারই তার অভিষেক। ঘরের দর্শকদের সামনে সোনা জিতে গত বছরের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের হতাশা কাটাতে চান তিনি।

চীনের ১৮ বছর বয়সী ইয়ান জিই-ও মেয়েদের জ্যাভলিনে বড় আকর্ষণ। মে মাসে ৭১.৭৪ মিটার থ্রো করে এশিয়ান ও বিশ্ব অনূর্ধ্ব-২০ রেকর্ড গড়েছিলেন তিনি। চলতি মৌসুমে অংশ নেওয়া পাঁচটি ডায়মন্ড লিগ প্রতিযোগিতাতেই অপরাজিত ছিলেন ইয়ান। তবে আলটিমেট চ্যাম্পিয়নশিপে এক থ্রো দেওয়ার পর চোটের কারণে সরে দাঁড়িয়ে হারুকা কিতাগুচির কাছে দ্বিতীয় হন। চোট কাটিয়ে ফিরতে পারলে এশিয়ান গেমসে শিরোপা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে তার।

ক্রিকেটে ভারতের ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীও থাকবেন আলোচনায়। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে শিরোপা ধরে রাখতে চায় ভারত। আর সেই দলে বৈভবের দিকে থাকবে বিশেষ নজর। বাঁহাতি এই ব্যাটার চলতি আইপিএলে একাধিক রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড় হিসেবেও অভিষেক হয়েছে তার।

সাঁতারে চীনের অলিম্পিক চ্যাম্পিয়ন পান ঝানলেও অন্যতম আকর্ষণ। জাপানের মাটিতে নিজের ১০০ মিটার ফ্রিস্টাইলের এশিয়ান রেকর্ড আরও উন্নত করার লক্ষ্য রয়েছে তার। ২০২২ সালের এশিয়ান গেমসে ২০০ ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে রুপা, ৫০ মিটারে ব্রোঞ্জ এবং দুটি রিলেতে সোনা জিতেছিলেন তিনি।

চীনের ১৩ বছর বয়সী ইউ জিদির দিকেও থাকবে বাড়তি নজর। মাত্র ১২ বছর বয়সে ২০২৫ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কম বয়সী পদকজয়ী হিসেবে আলোচনায় আসেন তিনি। চীনের জাতীয় চ্যাম্পিয়নশিপে দুটি সোনা ও একটি রুপা জেতার পাশাপাশি ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে এশিয়ান রেকর্ডও গড়েছেন। এবার প্রথম এশিয়ান গেমসে ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

 

 

আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১২

▎সর্বশেষ

ad