বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ - ১২:৩১:৫৯ এএম

স্পোর্টস ডেস্ক : বেলজিয়ামের অভিজ্ঞ মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দিয়ে দেশের হয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার রেড ডেভিলসদের হয়ে ১৪০টি ম্যাচ খেলেছেন।

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন এই ফুটবলার। তার সামনে আছেন কেবল ইয়ান ভার্টোনগেন, যিনি ১৫৭টি ম্যাচ খেলেছেন। উইটসেল বেলজিয়ামের হয়ে ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই মিডফিল্ডার বলেন, এখন সময় এসেছে তরুণ ও নতুন প্রজন্মের জন্য পথ ছেড়ে দেওয়ার। মাত্র ১৮ বছর বয়সে যখন আমি যাত্রা শুরু করেছিলাম, তখন এত কিছু অর্জনের কথা কখনো কল্পনাও করিনি। দলের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আমি নিশ্চিত, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমি তোমাকে ভালোবাসি, বেলজিয়াম।

২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া উইটসেল বেলজিয়ামের সেই ‘গোল্ডেন জেনারেশন’ বা ‘সোনালী প্রজন্মের’ অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন। যে দলে কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু এবং এডেন হ্যাজার্ডের মতো তারকারাও ছিলেন। এর আগে বরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা উইটসেল মৌসুম-বিরতির সময় জিরোনা থেকে লিগ ওয়ান ক্লাব নিসে যোগ দিয়েছিলেন।

 

 

আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১২:২৪

▎সর্বশেষ

ad