শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ - ১২:০৩:৩৭ এএম

ডেস্ক নিউজ : পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। 

এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। এতে চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে চীনা নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

সফরকালে চীনা নৌবাহিনীর জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।

এ সফরের মাধ্যমে দুই দেশের নৌসদস্যদের মধ্যে পারস্পরিক কার্যক্রম ও পেশাগত বিষয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি উভয় দেশের নৌবাহিনীর সদস্যরা পরস্পরের কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। শুভেচ্ছা সফর শেষে চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

 

 

আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১২:০৩

▎সর্বশেষ

ad