ডেস্ক নিউজ : ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ফ্রান্স জাতীয় দলের ভেতরে তৈরি হয়েছে অস্বস্তি। সবচেয়ে বেশি ক্ষুব্ধ বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান ডেম্বেলে। তার ঘনিষ্ঠ কয়েকজন সতীর্থও এমবাপ্পের বক্তব্যে বিরক্ত বলে জানা গেছে।
গোলডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই তারকার সাম্প্রতিক মন্তব্য-পাল্টা মন্তব্যের জেরে ফ্রান্সের ড্রেসিংরুমে বিভেদের পরিবেশ তৈরি হয়েছে। এমবাপ্পে বলেছিলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে ‘নির্বাচিত একজন’ হিসেবে দেখা হতো। একই সঙ্গে চোটের কারণে ডেম্বেলের ক্যারিয়ার ভিন্নভাবে এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এমবাপ্পের বক্তব্যের পর আর নীরব থাকেননি ডেম্বেলে। ব্রেস্তের বিপক্ষে পিএসজির জয়ের পর নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, নিজেকে কখনোই ‘নির্বাচিত একজন’ মনে করেননি। বরং কঠোর পরিশ্রম এবং প্যারিসে কাটানো সফল সময়ের ফল হিসেবেই তিনি ব্যালন ডি’অর পেয়েছেন বলে জানান।
লে’কিপের প্রতিবেদনের বরাতে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে এমবাপ্পের কিছু বক্তব্যে ডেম্বেলে বিরক্ত হলেও এতদিন প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে এবার তার মন্তব্যের পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে।
সাবেক ফরাসি ফুটবলার ও বিশ্লেষক জেরোম রোথেনের মতে, এমবাপ্পের বক্তব্যে ডেম্বেলে গভীরভাবে আহত হয়েছেন। তার ধারণা, জাতীয় দলের সতীর্থদের প্রতি এমবাপ্পের মন্তব্যে একধরনের অবজ্ঞার প্রকাশ ঘটেছে।
আরএমসি স্পোর্টকে রোথেন বলেন, ডেম্বেলে বিষয়টি অত্যন্ত নেতিবাচকভাবে নিয়েছেন এবং এমবাপ্পের ওপর তিনি প্রচণ্ড ক্ষুব্ধ। এমনকি পুরো ঘটনাটিকে ডেম্বেলে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেও দেখছেন বলে দাবি করেন তিনি।
এদিকে, শুধু ডেম্বেলেই নন, ফ্রান্স দলের আরও কয়েকজন খেলোয়াড়ও অধিনায়ক এমবাপ্পের সাম্প্রতিক বক্তব্যে বিরক্ত বলে জানা গেছে। ব্যক্তিগত পুরস্কারকে ঘিরে চলমান আলোচনা ও সংবাদমাধ্যমের প্রচারণা দলের খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফলে যে ঐক্য ফ্রান্সকে সাম্প্রতিক বছরগুলোতে সাফল্যের পথে এগিয়ে নিয়েছে, ব্যালন ডি’অর বিতর্কের জেরে সেই দলীয় সংহতিতেই এখন ফাটলের আশঙ্কা দেখা দিয়েছে।
আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:০৪
