ডেস্ক নিউজ : ঢাকা মহানগরীতে চলমান ও নতুন মেগা প্রকল্পের নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট কমাতে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশের এলাকায় চলমান উন্নয়নকাজগুলো যেন সমন্বিতভাবে করা হয়, সে লক্ষ্যেই এ বৈঠক। একটি সংস্থা কাজ শেষ করার পর একই স্থানে অন্য সংস্থা যেন আবার খোঁড়াখুঁড়ি না করে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
নগরবাসীর ভোগান্তি কমানো এবং সময় ও অর্থের অপচয় রোধ করাই সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে জনদুর্ভোগ বেড়ে যায়। তাই আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে ইউটিলিটি স্থানান্তরসহ বিভিন্ন নির্মাণকাজ একই সময়ে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ বিভিন্ন সংস্থার মেগা প্রকল্পের কাজ তদারকিতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। কাজের অগ্রগতি পর্যালোচনায় প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটির মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে যান চলাচলে ইতোমধ্যে দৃশ্যমান শৃঙ্খলা ফিরছে এবং নগরবাসী এর সুফল পাচ্ছেন। ইউটিলিটি শিফটিংয়ের কাজও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর যানজটের চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান মন্ত্রী। এ জন্য জমি অধিগ্রহণ ও পরিকল্পনার কাজ চলছে। স্থানান্তর কার্যকর না হওয়া পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কিছু অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকেও ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মূল সড়কে থ্রি-হুইলার ও ছোট যানবাহনের চলাচল শৃঙ্খলার মধ্যে আনা প্রয়োজন। ব্যাটারিচালিত অটোরিকশাকে নীতিমালার আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে হঠাৎ করে কাউকে বেকার না করে পর্যায়ক্রমে তাদের নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
তিনি আরও জানান, বিভিন্ন পিলারে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে গড়ে ওঠা ব্যাটারিচালিত যানবাহনের চার্জিং পয়েন্টের বিরুদ্ধেও অভিযান চলছে। ইতোমধ্যে অনেক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় প্রয়োজন। নির্বাচন কমিশনের প্রকাশিত সম্ভাব্য সূচি এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভার মতামতের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত শক্তির কিছু ব্যক্তি ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। গুলশান ও হাইকোর্ট এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৪০
