পাকিস্তান এখন ভয়ে ভয়ে খেলছে, বললেন সাবেক কোচ

Ayesha Siddika | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ - ১২:৪৮:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলের সাবেক কোচ জেসন গিলেস্পি বলেছেন, প্রধান নির্বাচক আকিব জাভেদের উচিত ‘নিজেকে আয়নায় দেখা’। শুক্রবার তিনি বলেন, জাতীয় দল এখন ‘ভয় নিয়ে খেলছে’। চমক জাগানো এক সিদ্ধান্তে এই সপ্তাহে পাকিস্তান দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও পেস বোলিং প্রধান উমর গুলকে সরিয়ে দেয়। ইংল্যান্ড থেকে সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠায় তারা। পরপর দুটি টেস্টে বড় হারের প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

২০২৪ সালে আট মাস পাকিস্তান দলের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার গিলেস্পি। সেই সময় ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজও জিতেছিল দলটি। তিনি বলেন, এসব দেখে তার খারাপ লাগছে। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে, এটা তো তাদের জীবিকার প্রশ্ন। বাইরে থেকে দেখে মনে হচ্ছে, তারা ভয় নিয়ে খেলছে।’

তিনি আরও বলেন, ‘সালমান আলি আগা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দলের অধিনায়কত্ব করলেন, আর দ্বিতীয় টেস্টেই দলের বাইরে চলে গেলেন। তৃতীয় টেস্টের আগেই তিনি বিমানে চড়ে দেশে ফিরে গেলেন। এটা কীভাবে সম্ভব?’পুরো দায় তিনি চাপিয়েছেন জাভেদের ওপর। তিনি বলেন, ‘এটা পরিষ্কার, তাদের কোনো নির্বাচন কৌশলই নেই, বিশেষ করে আকিব জাভেদের অধীনে। তারা প্রতিদিন প্যান্ট পাল্টানোর মতো করে মন পাল্টায়। আকিব জাভেদ সম্প্রতি সামনে এসে সব কিছুর জন্য গ্যারি কার্স্টেন (সাবেক পাকিস্তান সাদা বলের কোচ) আর আমাকে দোষারোপ করেছেন।’

তিনি বলেন, ‘গত দুই বছর ধরে আকিব প্রধান নির্বাচক। আমরা তখন এখানে ছিলামই না। কীভাবে যেন তিনি দাবি করছেন, এটা আমাদেরই দোষ। এর কোনো মানে খুঁজে পাচ্ছি না। আমার মনে হয়, জাভেদের উচিত নিজেকে আয়নায় দেখা।’গিলেস্পি আরও বলেন, ‘প্রধান নির্বাচক হিসেবে যার দায়িত্ব পালনের কথা, সেই আকিব জাভেদ আর খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ একেবারেই নেই।’

তিনি বলেন, ‘যেসব খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে, তারা নিজেদের বাদ পড়ার খবর জেনেছেন পরিবার, বন্ধু আর গণমাধ্যমের মাধ্যমে। এর চেয়ে অসম্মানজনক আর কী হতে পারে?’পাকিস্তানের আরও কয়েকজন সাবেক কোচ ও খেলোয়াড় একই রকম হতবাক হয়েছেন, যাদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও শোয়েব মালিক। সাবেক কোচ মিকি আর্থার একে বলেছেন ‘একেবারেই হাস্যকর পরিস্থিতি’।

নিউজিল্যান্ডের মাইক হেসন, যিনি এমনিতেই পাকিস্তানের সাদা বলের প্রধান ছিলেন, এবং অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকে, সফরের বাকি অংশের দায়িত্ব নিয়েছেন। হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১০৩ রানে হারে সফরকারী দলটি। এরপর লর্ডসে হারে ১৯৪ রানে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর, এজবাস্টনে।

 

 

আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৪৩

▎সর্বশেষ

ad