এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হতে পারে

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:৩৮:৫৫ পিএম

ডেস্ক নিউজ : চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তাদের ‘বিশেষ সংবর্ধনা’ দেবে সরকার। একই সঙ্গে তাদের ট্যাব দেওয়ার কথাও ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান খোদ এসব বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনা করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ড. এহছানুল হক মিলন বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন, তাদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবেন। জিপিএ-৫ পেয়ে পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দিতে তাদের উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি এবার শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ দিয়েছেন। এটাকে তিনি উন্নীত করবেন ৫ শতাংশে। শিক্ষায় এমন বিনিয়োগ বিগত কোনো সরকার করেনি। স্কুলের ছাত্রীদের পিংক সাইকেল দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে আমাদের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

সেগুলোতে প্রতিটি ক্লাসে মেয়েদের আরও শিক্ষায় উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের জন্য একটা গিফটের কথা বলেন। আর সেটি হচ্ছে পিংক সাইকেল বা গোলাপি সাইকেল। তাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় অনুপ্রাণিত করা।

 

 

আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৮

▎সর্বশেষ

ad