শিক্ষকদের জন্য সুখবর, ভালো কাজে পাবেন পদক-পুরস্কার

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ - ১০:৪৭:৪২ পিএম

ডেস্ক নিউজ : দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের পাঠদান ও নেতৃত্বগুণ বিকাশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কার প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক দাপ্তরিক চিঠিতে সারাদেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়, গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিদর্শনকালে প্রদত্ত দিকনির্দেশনার অংশ হিসেবে শিক্ষার মানোন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বীকৃত শিক্ষক মূল্যায়নের জন্য বিশেষ মানদণ্ড নির্ধারণ করেছে মাউশি। এর মধ্যে রয়েছে- শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, শিক্ষা উপকরণ ব্যবহারের দক্ষতা, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে পারদর্শিতা এবং শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা।

এছাড়া শিক্ষকদের চারিত্রিক দৃঢ়তা, সততা, পোশাক-পরিচ্ছদ, চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব, পাঠ্যপুস্তক প্রণয়ন ও গবেষণামূলক প্রকাশনা, গুণগত শিক্ষার উদ্ভাবনী উদ্যোগ, কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখা বিষয়গুলোও মূল্যায়নে বিবেচনা করা হবে।

মাউশি সকল আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সার্বিক মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

কিউটিভি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১০:৪৮

▎সর্বশেষ

ad