যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের

Ayesha Siddika | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ - ০৩:২৩:০০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের এই পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে ‘কঠোর ও তাৎক্ষণিক’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন কূটনীতির বার্তা দিলেও আলোচনা শুরু করার বিষয়ে পিয়ংইয়ংয়ের অবস্থান একেবারেই ইতিবাচক নয়। 

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার কাছে প্রায় ১২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ‘এআইএম-৯এক্স সাইডউইন্ডার’ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির এই সিদ্ধান্ত পিয়ংইয়ংকে আবারও স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের মনোভাব তাদের প্রতি সবসময়ই শত্রুতাপূর্ণ।

উত্তর কোরিয়া ছাড়াও মার্কিন প্রশাসন কর্তৃক দেশটির মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রাহক সংস্থাগুলোকে অর্থায়নের উদ্যোগেরও তীব্র সমালোচনা করা হয়। পিয়ংইয়ংয়ের দাবি, এই ধরণের তৎপরতা উত্তর কোরিয়ার সামাজিক ব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অংশ। মুখপাত্র আরও উল্লেখ করেন, চলতি বছরেই যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে উন্নতমানের ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজে ব্যবহৃত হেলিকপ্টার এবং প্রিসিশন-গাইডেড বোমা সরবরাহের অনুমোদন দিয়েছে, যা সিউলকে যুদ্ধের জন্য আরও উসকে দিচ্ছে।  

তিনি সতর্ক করে বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘনিষ্ঠতা উত্তর কোরিয়ার আঞ্চলিক নিরাপত্তার ওপর যে নেতিবাচক প্রভাব ফেলছে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। উত্তর কোরিয়া এই ধরনের হুমকি সম্পর্কে সচেতন এবং বিভিন্ন ক্ষেত্রে এ জাতীয় শত্রুতাপূর্ণ আচরণের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ, জোরালো এবং তাৎক্ষণিক জবাব প্রস্তুত রাখবে।’  

 

 

আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad