বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলাকে ঘিরে আবারও তৈরি হয়েছে বিতর্ক। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করার সময় তার পরনের পোশাক নিয়েই শুরু হয় আলোচনা।
অনুষ্ঠানের মঞ্চে উর্বশীকে ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীক অনুসরণ করে তৈরি একটি বিশেষ পোশাকে দেখা যায়। পোশাকটিতে ছিল গেরুয়া, সাদা ও সবুজ—ভারতের জাতীয় পতাকার তিনটি প্রধান রং। মাঝখানে নীল রঙের অশোকচক্রের নকশাও ছিল। এর সঙ্গে সোনালি ঝালর, বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি দিয়ে সাজ সম্পূর্ণ করেছিলেন অভিনেত্রী।
অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই পোশাকটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। একাংশের মতে, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে সেটি পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মানজনক। তবে অন্য একটি পক্ষ উর্বশীর প্রশংসা করে বলেছে, এই সাজের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে ভারতের প্রতিনিধিত্বের বার্তা দিয়েছেন।
বিতর্কের মধ্যেই পোশাকটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন উর্বশী। তিনি জানান, আগে থেকেই বলেছিলেন ‘আমিই ভারত’, তাই ওই দিন নিজেকে ভারতবর্ষের প্রতিচ্ছবি হিসেবেই মনে হয়েছে। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত। এবারের অনুষ্ঠানটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও বিশেষ ছিল। ২০১৫ সালে তিনিই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন। সেই সময় তাকে মুকুট পরিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এবার সুস্মিতা সেনও মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর নির্বাচন কমিটির সদস্য ছিলেন। মঞ্চে সাবেক এই বিজয়ীর কথাও স্মরণ করেন উর্বশী।
আয়শা/২৫ অগাস্ট ২০২৬,/রাত ৮:৪০
