স্পোর্টস ডেস্ক : মাঠে গোল করে আলো ছড়ানোর পরই বিতর্কে জড়ালেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) উত্তেজনাপূর্ণ ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানের সঙ্গে মেসির উত্তপ্ত মুহূর্ত। ইউএস টুডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বুধবারের (১৯ আগস্ট) ম্যাচে প্রথমার্ধেই দারুণ এক গোল করেন মেসি। তার দুর্দান্ত নৈপুণ্যে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে এগিয়েও যায়। দলের আরেকটি গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর্জেন্টাইন তারকার।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের আবহ। মাঠের এক পাশে বলের বাইরে থাকা অবস্থায় সুলিভানের একটি মুভমেন্টে আপত্তি জানান মেসি। তার অভিযোগ, সুলিভান তাকে কনুই দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন।
ঘটনার পর সুলিভানের কাছে প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলেন মেসি। কিন্তু তিনি ক্ষমা চাইতে রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মেসি সুলিভানের মাথার পেছনে হাত দিয়ে আঘাত করেন বলে ভিডিও ফুটেজে দেখা যায়। এরপর ক্ষুব্ধ সুলিভান মেসির দিকে এগিয়ে গেলে দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে রেফারি ও অন্য খেলোয়াড়েরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটির সময় মেসিকে কোনো কার্ড দেখাননি রেফারি। তবে ম্যাচের ভিডিও পর্যালোচনার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ রয়েছে এমএলএস ডিসিপ্লিনারি কমিটির। অফ-দ্য-বল সহিংস আচরণ রেফারির নজর এড়িয়ে গেলে পরবর্তী পর্যালোচনায় শাস্তি দেয়ার বিধান রয়েছে।
ঘটনাটি গুরুতর হিসেবে বিবেচিত হলে মেসির নিষেধাজ্ঞার মুখে পড়ার সম্ভাবনাও রয়েছে। আবার অপরাধের মাত্রা কম মনে হলে জরিমানা বা সতর্কবার্তা দিয়েও বিষয়টি নিষ্পত্তি করতে পারে কর্তৃপক্ষ।
চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। এখন পর্যন্ত ১৩ গোলের পাশাপাশি করেছেন ৮টি অ্যাসিস্ট। শিরোপার লড়াইয়ে মায়ামির অন্যতম প্রধান ভরসা তিনি। তাই এই ঘটনার পর কোনো শাস্তি এলে দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসির অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে উঠতে পারে।
আয়শা/২০ অগাস্ট ২০২৬,/রাত ১০:০৮
