এম এ রহিম চৌগাছা(যশোর) : পরিবেশের ভারসাম্য রক্ষায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ইসলামিয়া বাহরুল উলুম দোগাছিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় এ চারা বিতরণ হয়।
সংগঠনের দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের অর্থায়নে মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫৪টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে যশোর সদর উপজেলার দোগাছিয়ায় এ বৃক্ষরোপণ ও কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মনিরুল ইসলাম, উপদেষ্টা আবু জাফর বিশ্বাস, উপদেষ্টা ইমরান নাজির, কেন্দ্রীয় সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আলী রেজা রাজু, আর এস রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জগদীশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সম্রাট সাকিল, রেজুয়ান আহমেদ রিয়াদ, আনোয়ার হুসাইন মাদরাসার শিক্ষকবৃন্দ হাফেজ মাওলানা শাহ আলম ও মুফতি ইকরাম হুসাইন এবং সংগঠনের অন্যান্য সদস্য।
শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে সেগুলোর নিয়মিত পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ বখতিয়ার হোসেন বলেন, “মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষাও আমাদের সামাজিক দায়িত্ব।
দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের সহযোগিতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে তারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়শা/২০ অগাস্ট ২০২৬,/রাত ১০:০৮
