
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী বুধবারের (২৯ এপ্রিল) মধ্যে ইরানের সাথে যুদ্ধ বন্ধের দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবেন না।
এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তি না হলে আবারও বোমাবর্ষণ শুরু করতে পারে মার্কিন বাহিনী। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে চুক্তি হোক বা না হোক, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে।
ট্রাম্পের মতে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হয়, তবে দুঃখজনক হলেও যুক্তরাষ্ট্রকে আবারও সামরিক শক্তিতে ফিরে যেতে হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। বর্তমানে দেশ দুটি এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছিল। তবে হোয়াইট হাউস আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে যে তারা একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইতিবাচক বোধ করছে। এখন দেখার বিষয়, বুধবারের ডেডলাইনের আগে ওয়াশিংটন ও তেহরান কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে কি না, নাকি মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বেজে ওঠে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১২






