ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

Ayesha Siddika | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ - ০১:৪৩:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল-লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই চুক্তি পূর্ণ সম্মানের সঙ্গে মেনে চলার জোর আহ্বান জানিয়েছেন। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণাকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাগত জানিয়েছেন গুতেরেস। এই চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও সক্রিয় ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।’

জাতিসংঘ মহাসচিব মনে করেন, এই সাময়িক যুদ্ধবিরতি চলমান সংঘাতের তীব্রতা কমাতে সহায়ক হবে এবং আলোচনার মাধ্যমে একটি স্থায়ী ও টেকসই সমাধানের পথ সুগম করবে। বিবৃতিতে গুতেরেস আরও বলেন, ‘সব পক্ষকে এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

তিনি স্পষ্ট করে বলেন, এই আহ্বান ইসরাইল ও লেবানন সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এই ১০ দিনের বিরতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাতিসংঘ। 

 

 

আয়শা/১৭ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৩৮

▎সর্বশেষ

ad