
আন্তর্জাতিক ডেস্ক : ভ্যান্স বলেছেন, এটি ‘ইরানের জন্য দুঃসংবাদ’ এবং তার দল একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ পেশ করার পর আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছে।
কিন্তু আলোচনা কেন ব্যর্থ হলো?
২১ ঘণ্টার আলোচনার পর ভ্যান্স বিস্তারিত জানাতে এবং প্রকাশ্যে আলোচনা করতে অস্বীকৃতি জানালেও, তিনি উল্লেখ করেন যে মূল বিরোধটি ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে।
ভ্যান্স বলেন, ‘সহজ কথা হলো, আমাদের একটি ইতিবাচক অঙ্গীকার দেখতে হবে যে, তারা পারমাণবিক অস্ত্র চাইবে না এবং এমন কোনো সরঞ্জামও চাইবে না যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম করবে।’
তিনি আরও যোগ করেন, এটিই প্রেসিডেন্টের (ডনাল্ড ট্রাম্প) মূল লক্ষ্য।’ আলোচনার মাধ্যমে তারা এটাই অর্জন করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
যদিও ভ্যান্স বলেন, ‘তাদের পারমাণবিক কর্মসূচি, বা আগে তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ছিল, সেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।’
ভ্যান্স একটি প্রশ্ন করেন, দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার সদিচ্ছা ইরানিদের আছে কি না, তার জবাবে তিনি একটি সহজ ‘না’ উত্তর দেন।
তিনি বলেন, ‘সহজ প্রশ্নটি হলো, আমরা কি ইরানিদের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি না করার সদিচ্ছার একটি মৌলিক অঙ্গীকার দেখতে পাই — শুধু এখন নয়, শুধু দুই বছর পরেও নয়, বরং দীর্ঘমেয়াদের জন্য? আমরা এখনও তা দেখিনি। তবে আমরা আশা করি যে আমরা তা দেখতে পাব।’ ভ্যান্স বলেন।
এদিকে, ইরান জোর দিয়ে বলে যে, তারা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে না, এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারির যুদ্ধে এবং গত বছরও ইরানের স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে।
দিনব্যাপী আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে আলোচনা হয়েছে কিনা, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন যে, এটি সহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ‘আমরা এমন একটি পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্ত মেনে নিতে রাজি হবে।’এদিকে, ইরানের সংবাদ সংস্থা প্রেস টিভির এক প্রতিবেদন অনুসারে, হরমুজ প্রণালীসহ বিভিন্ন বিষয় মতবিরোধই এই ব্যর্থতার অন্যতম কারণ ছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে ‘অযৌক্তিক দাবি’ বলে নিন্দা জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রের এই ‘অযৌক্তিক দাবিকে’ দায়ী করেছে তেহরান। রোববার এমনটা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি।
আইআরআইবি টেলিগ্রামে বলেছে, ‘ইরানি প্রতিনিধিদল ইরানি জনগণের জাতীয় স্বার্থ রক্ষার জন্য একটানা ও নিবিড়ভাবে ২১ ঘণ্টা আলোচনা চালিয়েছে; ইরানি প্রতিনিধিদলের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও, মার্কিন পক্ষের অযৌক্তিক দাবি আলোচনার অগ্রগতিতে বাধা দিয়েছে। ফলে আলোচনা শেষ হয়ে গেছে।’
সূত্র: এনডিটিভি
আয়শা/১২ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৩০






