
স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথের কাছে ২-১ গোলে হারে আর্সেনাল। এই ম্যাচ জিতলে শীর্ষে ব্যবধান ১২ পয়েন্টে নেয়ার সুযোগ ছিল, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয় গানাররা। ফলে শিরোপা দৌড়ে নতুন করে সুযোগ পেল টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি।
৩২ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে আর্সেনাল, তবে দুই ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। ফলে প্রতিযোগিতা আরও জমে উঠেছে। লিগ কাপ ফাইনালে সিটির কাছে হার, এরপর এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়—সব মিলিয়ে চাপে রয়েছে দলটি। যদিও চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিংইয়ের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল তারা, কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
বোর্নমাউথ ম্যাচ শেষে ক্লান্তির প্রসঙ্গে প্রশ্ন করা হলে আর্তেতা বলেন, ‘আমি কোনো অজুহাত দিতে চাই না। এটাই বাস্তবতা, আমাদের আরও ভালো খেলতে হবে।’সমর্থকদের দারুণ সমর্থন পেয়েও মাঠে তার প্রতিফলন দেখাতে পারেনি আর্সেনাল। ম্যাচ শেষে দর্শকদের দুয়োধ্বনি সেই হতাশারই বহিঃপ্রকাশ।
আয়শা/১২ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৩৩






