ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’

Anima Rakhi | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ - ০৪:৪৮:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের ওপর ইসরায়েল দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করেছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে বুশ, ওবামা ও বাইডেন এ প্রস্তাবে রাজি না হলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এতে সম্মতি দেন বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার দ্য ব্রিফিং উইথ জেন পসাকি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান জানিয়েছিলেন।

কেরি বলেন, তিনি নিজেও এমন বেশ কয়েকটি আলোচনায় উপস্থিত ছিলেন, যেখানে নেতানিয়াহু সরাসরি এই প্রস্তাব দেন। তাঁর ভাষায়, তিনি আমাদের দিয়ে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন।

তিনি জানান, এই প্রস্তাব বারাক ওবামার কাছেও উপস্থাপন করা হয়েছিল। তবে ওবামা, জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ কেউই এতে সম্মত হননি।

কেরি আরও বলেন, একমাত্র প্রেসিডেন্ট যিনি এতে রাজি হয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্প।

তার মতে, নেতানিয়াহু একটি চার দফা পরিকল্পনা তুলে ধরেছিলেন, যেখানে হামলার মাধ্যমে ইরানের নেতৃত্ব দুর্বল করা, সরকার পরিবর্তনের সুযোগ তৈরি এবং সামরিক সক্ষমতা ধ্বংসের কথা বলা হয়।

এদিকে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে অভিযান চালায়। এতে তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক শীর্ষ নেতা নিহত হন বলে দাবি করা হয়।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয় তেহরান।

পরবর্তীতে পাকিস্তান, তুরস্ক, চীন, সৌদি আরব, মিসরের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়। ৪০ দিনের সংঘাতের পর এই সমঝোতা আসে।

আনাদোলু এজেন্সি, দ্য ব্রিফিং উইথ জেন পসাকি

অনিমা/১১ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৪৮

▎সর্বশেষ

ad