
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যেই শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং। আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ছবিটির প্রথম ধাপের কাজ শুরু হয়েছে মালয়েশিয়ায়, এমন তথ্যই পাওয়া গেল ছবিটির প্রযোজনা সূত্রে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন সময়ের আলোচিত চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন। গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। ‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা। প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে সাবিলা নূরকে এবং অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলা।
উল্লেখ্য, শাকিব খান ও সাবিলা নূর এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। ‘রকস্টার’ দিয়ে তারা দ্বিতীয়বার জুটি বাঁধছেন। সিনেমাটি রোমান্টিক-মিউজিক্যাল ঘরানার হওয়ায় এতে অ্যাকশনের উপস্থিতি তুলনামূলক কম থাকবে।
‘রকস্টার’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে বাণিজ্যিক সিনেমায় নাম লেখাচ্ছেন তানজিয়া জামান মিথিলা। শুরুতে তিনি র্যাম্প মডেল হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন।
আয়শা/২৪ মার্চ ২০২৬,/রাত ১১:১৫






