
স্পোর্টস ডেস্ক : আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা আয়ারল্যান্ড ক্রিকেট দলের। আসন্ন এই সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আফগানিস্তানের নারী ক্রিকেট নিষিদ্ধ থাকায় প্রতিবাদ স্বরূপ দেশটির বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে একাধিক আইরিশ ক্রিকেটার। আসন্ন এই সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইরিশ ক্রিকেট বোর্ড। পুরোটাই এখন ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছে বোর্ড। ক্রিকেটারদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা, এমনটাই বলা হয়েছে।
বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তান ক্রিকেট নিয়ে আইসিসির কাছে নানাভাবে নালিশ জানিয়ে এসেছিল বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকেও তাদের বিরুদ্ধে না খেলার আহ্বান জানানো হয়েছিল। এর মূল কারণ, আফগানিস্তান নারী ক্রিকেট দলকে খেলার সুযোগ করে না দেওয়া।
তালেবান শাসনে আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধ। সে দেশের নারী খেলোয়াড়দের অনেকেই দেশ ছেড়েছেন। ব্যতিক্রম নন ক্রিকেটাররাও। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তারা।
আয়ারল্যান্ড ক্রিকেট দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রেম ওয়েস্ট জানিয়েছেন, ক্রিকেটারেরা চাইলে সরে দাঁড়াতে পারেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে পুরুষ ও নারী ক্রিকেটারদের কথা হয়েছে। ওরা নিজেদের কথা বলেছে। ওদের বলেছি, কারও যদি আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে ইচ্ছা না হয়, তাহলে সে বাইরে থাকতে পারে। এতে কোনও সমস্যা নেই।’
আইরিশ বোর্ডের প্রধান নির্বাহী সারা কিন বলেন, ‘আমরা রাজি হয়েছি ঠিকই, কিন্তু একটা অস্বস্তি রয়েছে। যে দেশে নারীদের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখার কোনও অধিকার নেই, সেই দেশের বিপক্ষে অনেকে খেলতে চায় না। আমাদের বোর্ডের ৪০ শতাংশ সদস্য নারী। তাই বিষয়টা হালকা ভাবে নিলে হবে না।’
আয়শা/২৪ মার্চ ২০২৬,/রাত ৯:০০






