ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

Ayesha Siddika | আপডেট: ১৫ মার্চ ২০২৬ - ০৯:৪৯:৩২ পিএম

ডেস্ক নিউজ : শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পবিত্র রমজান মাসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় নিজের নির্বাচনি এলাকার ৩১৭ জন কিশোরের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছেন নতুন সাইকেল।

রোববার (১৫ মার্চ) বিকালে রাজধানীর মিরপুর-১১ নম্বরস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এদিন মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী নিয়মিত জামাতে নামাজ পড়া ২৭ জন কিশোর এবং রূপনগর টিনশেড এলাকায় ১৮ জন কিশোরসহ মোট ৪৫ জন কিশোরের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ঘোষণা দিয়েছিলাম- আমাদের এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সি যে শিশুরা পুরো রমজান মাস মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদেরকে সাইকেল উপহার দেব। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো।

তিনি আরও বলেন, পুরস্কার বড় কথা নয়, মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বেড়ে উঠুক। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যেন এই নামাজের অভ্যাস সারাজীবন ধরে রাখতে পারে, সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

প্রতিমন্ত্রী জানান, মিরপুরের ৪টি ওয়ার্ডের মোট ৬টি মসজিদে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে মোট ৩১৭ জন কিশোর এই উপহার পাচ্ছে। মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের পর রূপনগর টিনশেড এলাকায় ১৮ জন কিশোরের মাঝে সাইকেল বিতরণ করেন তিনি।

ভবিষ্যতে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা ব্যক্ত করে আমিনুল হক বলেন, এবার ৬টি মসজিদে এই আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বছর এলাকার আরও বেশি সংখ্যক মসজিদে এই কার্যক্রম চালু করার চেষ্টা করব।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও খতিব এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, এই ধরনের সৃজনশীল উদ্যোগ শিশুদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে এবং ধর্মীয় ও শারীরিক গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

 

আয়শা/১৫ মার্চ ২০২৬,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad