
ডেস্ক নিউজ : জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর সবাই বৃত্তি অর্জন করেছে-যা শতভাগ সাফল্যের বিরল দৃষ্টান্ত। এর মধ্যে ৬৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এটাই সেরা সাফল্য। অন্যান্য বোর্ডেও এক প্রতিষ্ঠান থেকে শতভাগ বৃত্তি ও এত সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তির নজির এখনও পাওয়া যায়নি।’
প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই আমাদের এগিয়ে নিয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফলের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
চিরিরবন্দর উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও বৃত্তিতে সাফল্য অর্জন করেছে। এর মধ্যে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ১১০ জন অংশ নিয়ে ৬ জন ট্যালেন্টপুল ও ৮২ জন সাধারণ গ্রেডে বৃত্তি।
এ বছর ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী এ বৃত্তি পায়। এসব শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ডভিত্তিক এ বৃত্তি বণ্টন করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এ বৃত্তি দেওয়া হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১১:১৩






