
ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রধান ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ৫৪ বছরে অনেক নির্বাচন হয়েছে। অনেক ওয়াদা দেওয়া হয়েছে; কিন্তু ওয়াদা ওয়াদার জায়গায় রয়ে গেছে। জুলাই বিপ্লবে যুবকরা একটা দাবি করতেন- উই ওয়ান্ট জাস্টিস। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ইনসাফ থাকবে, যেখানে কর্মসংস্থান থাকবে, নিরাপত্তা থাকবে। আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। দেড় হাজারের বেশি জুলাইযোদ্ধার রক্তের বিনিময়ে এবারের নির্বাচন। জুলাই যোদ্ধাদের সম্মানে হ্যাঁ ভোট দিতে হবে। এ সময় তিনি জোটের নেতাকর্মী ও সমর্থকদের সামনে টাঙ্গাইলের আটটি আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের জন্য ভোট প্রার্থনা করেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের নেতা খন্দকার শাহাবুদ্দিন প্রমুখ।
জনসভাকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মী ও সমর্থকদের জনস্রোত দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়।
খোরশেদ/০৪ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:২২






