‘হাউসফুল ৫’-এ চমক, থাকছে একাধিক এন্ডিং

Anima Rakhi | আপডেট: ০১ জুন ২০২৫ - ০৫:৩৭:২১ এএম

বিনোদন ডেস্ক :  বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি আসছে চমকপ্রদ এক নতুন ফরম্যাটে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, ‘হাউসফুল ৫’ মুক্তি পাবে একাধিক এন্ডিংয়ের সঙ্গে, যার ফলে দর্শকরা একাধিক ভিন্ন ভিন্ন উপসংহার দেখতে পাবেন।

‘ভ্যারাইটি’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাজিদ বলেন, “একটা সিনেমার একাধিক এন্ডিং থাকবে—এই আইডিয়াটা আমার মাথায় ছিল গত ৩০ বছর ধরে।” অবশেষে সেটি বাস্তবে রূপ পাচ্ছে এই ছবির মধ্য দিয়ে।

ছবির গল্পও তৈরি হয়েছে এই অভিনব কনসেপ্টকে মাথায় রেখেই। গল্প অনুযায়ী, কোটিপতি মিস্টার ডোব্রিয়াল (রঞ্জিত) মারা যাওয়ার আগে তাঁর সম্পত্তি রেখে যান ‘জলি’ নামে একজনের নামে। কিন্তু সম্পত্তির ভাগ নিতে হাজির হয় তিনজন জলি—জলভূষণ (অভিষেক বচ্চন), জালাবুদ্দিন (রিতেশ দেশমুখ) ও জুলিয়াস (অক্ষয় কুমার)। আসল জলি কে? এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে মজার থ্রিলার।

‘হাউসফুল ৫’-এর দুটি ভিন্ন এন্ডিং-সহ ভার্সনের নাম রাখা হয়েছে ‘হাউসফুল ৫এ’ ও ‘হাউসফুল ৫বি’। একাধিক মাল্টিপ্লেক্সে একসঙ্গে দুটি ভার্সন স্ক্রিনে দেখানো হবে অথবা এক স্ক্রিনে বিভিন্ন সময়ে আলাদা আলাদা ভার্সন চলবে।

ছবির ডিস্ট্রিবিউটর পেন মারুধারের সঞ্জয় ছতর বলেন, “কোনো দর্শক কোন এন্ডিং দেখেছে, তা নিয়েই আলোচনার বিষয় হয়ে উঠবে। এটি হবে এক বিশাল মার্কেটিং টুল। টিকিট বিক্রি বাড়ার সম্ভাবনার পাশাপাশি দর্শকদের কৌতূহলও বাড়বে।”

ছবিটি পরিচালনা করেছেন তরুণ মানসুখানি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, ফরহাদ সামজি এবং তরুণ মানসুখানি। অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফখরি, সোনম বাজওয়া এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। পার্শ্বচরিত্রে আছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার এবং চাঙ্কি পান্ডে।

নতুন এন্ডিং কনসেপ্টে নির্মিত এই কমেডি থ্রিলার ‘হাউসফুল ৫’ ৬ জুন মুক্তি পাচ্ছে। সিনেমা হলে গিয়ে দর্শকরা পেতে পারেন একেবারে আলাদা অভিজ্ঞতা। তাদের দেখার এন্ডিং অন্যদেরটা থেকে একদম আলাদা!

কিউটিভি/অনিমা/০১ জুন ২০২৫, /সকাল ৫:৩৭

▎সর্বশেষ

ad