
স্পোর্টস ডেস্ক : মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অসাধারণ এক মুহূর্তই নেমে এসেছিল গতকাল। ফুটবলের মহাতারকা লিওনেল মেসি হাজির হয়েছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচের ম্যাচ দেখতে। মায়ামি ওপেনের সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভকে ৬-২, ৬-৩ ব্যবধানে হারান জোকোভিচ। গ্যালারিতে বসে সেই ম্যাচ উপভোগ করেন মেসি। পরে দুই কিংবদন্তি একসঙ্গে ছবি তোলেন, যেখানে দেখা যায়, জোকোভিচ মেসির জন্য একটি জার্সিতে স্বাক্ষর করছেন।
ম্যাচের পর জোকোভিচ ইনস্টাগ্রামে মেসির সঙ্গে তোলা ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি মেসির জন্য একটি জার্সিতে লিখেছেন ‘তোমার পরিবারের জন্য’। মেসিও জোকোভিচকে ইন্টার মায়ামির একটি হোম জার্সি উপহার দেন। পোস্টে জোকোভিচ ক্যাপশন দেন, ‘একজন মহান মানুষ ও তার পরিবারের সঙ্গে দেখা করা ছিল সম্মানের। ধন্যবাদ, লিও।’
সে ম্যাচে ৭১ মিনিটের মধ্যেই দিমিত্রভকে হারিয়ে রেকর্ড ৬০তম মাস্টার্স ১০০০ ফাইনালে ওঠেন জোকোভিচ। এছাড়া, তিনি রজার ফেদেরারের রেকর্ড স্পর্শ করেন, যেখানে টানা ২০ মৌসুম ট্যুর লেভেলের ফাইনাল খেলার কীর্তি গড়েছেন। এবারের ফাইনাল জিততে পারলে তিনি ১০০তম এটিপি টাইটেল জয়ের তালিকায় ঢুকে পড়বেন। এখন পর্যন্ত এই মাইলফলক ছুঁতে পেরেছেন মাত্র দু’জন খেলোয়াড় – রজার ফেদেরার ও জিমি কনর্স।
কিউটিভি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:১৪






