পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানি ছেলের বিশ্ব রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ২৯ মার্চ ২০২৫ - ০৫:০৬:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক : লিস্ট ‘এ’ ক্রিকেটের শেষ দুটো ইনিংসে ১০৪ ও ৫৪ রানের ইনিংস খেলে আব্বাস গ্যারি স্টিডের দলে ডাক পান। নেপিয়ারে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আজ তার অভিষেক হয়েছে, কাকতালীয়ভাবে প্রতিপক্ষও তার জন্মস্থান পাকিস্তান। জন্মস্থানের বিপক্ষে অভিষেকেই বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ডটি এখন তার নামে।

২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ২৬ বলে ফিফটি করেছিলেন ভারতের ক্রুনাল পান্ডিয়া, দুবছর পর ২৬ বলে ফিফটি করেন ওয়েস্ট ইন্ডিজের আলিক আথানাজও। আব্বাস ওই যৌথ রেকর্ড ভেঙেছেন। পাকিস্তানের বিপক্ষে ২৪ বলে ফিফটি করেছেন তিনি। শেষ পর্যন্ত ২৬ বলে ৩ চার ও ৩ ছয়ে আউট হন ৫২ রান করে।

আব্বাসের ঝড় তোলার দিনে মার্ক চাপম্যানও বিধ্বংসী ছিলেন। ১১১ বলে ১৩২ রান করেন তিনি। তাতে নিউজিল্যান্ড ৯ উইকেটে ওঠে ৩৪৪ রানের পাহাড়ে। জবাবে পাকিস্তান ২৭১ রান করে অলআউট হওয়ায় নিউজিল্যান্ড ম্যাচটি ৭৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

রান তাড়া করতে নামা পাকিস্তান সঠিক পথেই ছিল, উসমান খান ৩৯, আবদুল্লাহ শফিক ৩৬ ও মোহাম্মদ রিজওয়ান ৩০ রানে আউট হওয়ার পর ৩ উইকেটে তারা বোর্ডে ২৪৯ রান জমা করেছিল। পরের ২২ রান তুলতে ৭ উইকেট হারিয়ে অলআউট হয় তারা। বাবর আজম ব্যক্তিগত ৭৮ রানে আব্বাসকে উইকেট দেওয়ার পরই পতন শুরু হয়। নাথান স্মিথের তোপে সালমান আগা আলীর পরে নামা কেউই ১ রানের বেশি করতে পারেননি। সালমান ৪৮ বলে করেন ৫৮ রান। স্মিথ নেন ৪ উইকেট।

 

 

কিউটিভি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad