
লাইফ ষ্টাইল ডেস্ক : সুস্থ-সবলভাবে বেঁচে থাকার জন্য হাড় মজবুত হওয়া খুব জরুরি। হাড় দুর্বল হলেই শরীরে দেখা দেয় নানা সমস্যা। কঠোর পরিশ্রম, অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, শরীরচর্চার অভাবে কম বয়সেই হাড়ের নানা অসুখ ডেকে আনে। এ ছাড়া বার্ধক্যে তো হাড় সংক্রান্ত সমস্যা হয়েই থাকে। বেশিক্ষণ হাঁটাচলা করা যায় না, দাঁড়িয়ে থাকা যায় না, ওঠা-বসার অসুবিধা হয়।
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হতে শুরু করে ঠিকই। তবে কম বয়স থেকে হাড়ের যত্ন নিতে শুরু করলে এই সমস্যা অনেকটাই এড়ানো যায়। হাড়ের যত্নে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এর জন্য দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে এর পাশাপাশি কিছু ড্রাই ফ্রুটসও কিন্তু হাড়ের খেয়াল রাখতে খুব উপকারী। জেনে নিন হাড় সুস্থ রাখতে কোন কোন ড্রাই ফ্রুটস রাখবেন খাদ্যতালিকায়।
আমন্ড
প্রোটিনে ভরপুর আমন্ড। বাদামের মধ্যে আমন্ডে ক্যালশিয়ামের মাত্রা সবচেয়ে বেশি থাকে। ম্যাগনেশিয়াম, ভিটামিন ই-এর মতো উপকারী উপাদানেও ঠাসা। আমন্ডের এ সব উপাদানই হাড় মজবুত রাখতে সাহায্য করে। তাই হাড়ের যত্নে ভরসা রাখতেই পারেন এই বাদামের ওপর।
আখরোট
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট হাড়ের ক্ষয় প্রতিরোধ করে। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণও রয়েছে, যা প্রদাহজনিত সমস্যা কমায়। আখরোটে থাকা ম্যাঙ্গানিজ হাড় গঠনে ও মজবুত রাখতে সাহায্য করে।
শুকনো অ্যাপ্রিকট
হাড়ের জন্য অ্যাপ্রিকটও খুব উপকারী। এতে রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম। এ ছাড়া শুকনো অ্যাপ্রিকটে রয়েছে ভিটামিন কে, যা হাড় সুস্থ রাখতে এবং ক্যালশিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খেজুর
খেজুরে পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে, যা প্রস্রাবের মাধ্যমে ক্যালশিয়ামের ক্ষতি হওয়া আটকায়। এ ছাড়া খেজুরে ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজও রয়েছে। এ সব উপাদান হাড় মজবুত রাখে এবং অস্টিওপোরেসিসের ঝুঁকি কমায়।
কিশমিশ
কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে বোরন এবং পটাশিয়াম। হাড় সুস্থ রাখার জন্য এই দুই উপাদান খুবই উপকারী। বোরন শরীরে ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়াম ধরে রাখতে সাহায্য করে। তাই হাড়ের ক্ষয় আটকাতে ভরসা রাখতে পারেন কিশমিশের ওপরেও।
কাজুবাদাম
কাজুবাদাম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের দুর্দান্ত উৎস। হাড়ের যত্নে ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে সঠিক মাত্রায় ক্যালশিয়াম শোষণ করতে কাজুবাদাম সত্যিই উপকারী। পেস্তা বাদাম কাজুবাদামের মতো পেস্তাও ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফসফরাসে পরিপূর্ণ। এই সব খনিজ হাড় মজবুত রাখে এবং সামগ্রিক হাড়ের গঠন ঠিক রাখে।
কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮






