ব্রেকিং নিউজ
আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম

এএফসি কাপ : স্মরণীয় ম্যাচে কিংসের চ্যালেঞ্জ

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০২:০২:১৭ পিএম

স্পোর্টস ডেস্ক : গত দুই মৌসুম নিজেদের তৈরি করা স্টেডিয়াম কিংস অ্যারেনায় হোম ম্যাচগুলো খেলছে বসুন্ধরা কিংস। পথচলার শুরু থেকেই এই মাঠে অপ্রতিরোধ্য ক্লাবটি। ১৯ ম্যাচ খেলে এখনো হারের দুঃস্মৃতি সঙ্গী হয়নি চ্যাম্পিয়নদের। জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে মাত্র একটিতে। 

ঘরোয়া ফুটবলের অবিশ্বাস্য সাফল্যের পর আজ কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বসুন্ধরা কিংস। এএফসি কাপে ওড়িশা এফসির বিপক্ষে আজকের ম্যাচ তাই কিংসের কাছে স্মরণীয়ও বটে। তবে মাজিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করায় কিংস ফুটবলারদের আত্মবিশ্বাসে খেয়েছে ধাক্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ঘরের মাঠে অজেয় থাকার চ্যালেঞ্জও মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের।

ফেভারিট হয়ে খেলতে নেমে সেদিন অঘটনের শিকার হতে হয়েছিল ব্রুজোনের দলকে। ওই হারের পর প্রস্তুতিতে ঘাটতির কথা বলেছিলেন কিংস কোচ। এবার অবশ্য কোনো অজুহাত দিতে চান না তিনি, ‘মাজিয়ার বিপক্ষে প্রত্যাশাটা বেশি ছিল, কিন্তু প্রস্তুতি ভালো ছিল না আমাদের। এখন আমাদের সামনে আর কোনো অজুহাত নেই। বসুন্ধরা কিংস ফিরে এসেছে। এখন আমার মনে হচ্ছে, সর্বোচ্চটা দেওয়ার মতো অবস্থানে চলে এসেছি আমরা। আমাদের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে।’

ভারতের ফুটবলে ওড়িশা এফসির পথচলা খুব বেশি দিনের নয়। ২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে খেলছে ইন্ডিয়ান সুপার লিগে। এ বছরই হিরো সুপার কাপের শিরোপা জিতেছে তারা। স্থানীয়দের পাশাপাশি দলটিতে আছে ভালো মানের বিদেশি। মুহূর্তেই ম্যাচের চিত্রপট পালটে দিতে পারেন তাঁরা। ভারতের ফুটবলে চার বছর ধরে খেলছেন ফিজির ফরোয়ার্ড রয় কৃষ্ণা। ওড়িশা ক্লাবের সেরা তারকা তিনিই। কৃষ্ণার সঙ্গে ওড়িশার আক্রমণভাগে ভীতি ছড়াতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মরিসিও। গত মৌসুমে ক্লাবে যোগ দিয়ে ৩৪ ম্যাচে করেছেন ২৩ গোল।

এবারই প্রথম এএফসি কাপে খেলছে দলটি। অবশ্য শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। মোহনবাগানের কাছে হেরেছে ৪-০ ব্যবধানে। আর আজ কিংসের কাছে হারলে অনেকটা ছিটকে যেতে হবে গ্রুপসেরার লড়াই থেকে। তাই এখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ওড়িশার স্প্যানিশ কোচ সের্হিয়ো লোবেরো, ‘এই ম্যাচ নিয়ে আমরা খুব রোমাঞ্চিত। কঠিন দলের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এটা। শুধু আমাদের জন্যই নয়, ভারতের ফুটবলের জন্যও। কেননা বসুন্ধরা কিংসের মতো দলের বিপক্ষে যে কেউই জিততে চাইবে।’

আজ হারলে গ্রুপসেরা হওয়ার পথ কঠিন হয়ে যাবে কিংসেরও। যে কারণে স্বাগতিকদের সামনে ঘরের মাঠে জয়ের বিকল্প নেই। অস্কার ব্রুজোন বলছিলেন, ‘কাল (আজ) হেরে গেলেই টিকে থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে আসবে। দুই দলের জন্যই ম্যাচটা বাঁচা-মরার লড়াই।’ টুর্নামেন্টে টিকে থাকার সঙ্গে ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে স্মরণীয় করে রাখার চ্যালেঞ্জ কিংসের সামনে।

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad