আন্তর্জাতিক ডেস্ক : গ্রীষ্মের প্রখর গরম আবহাওয়া উপেক্ষা করে সৌদি আরবে রবিবার (২৫ জুন) থেকে শুরু হয়েছে পবিত্র হজ। এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা সৌদিতে আসেন। মুসলিম ঐতিহ্য অনুসারে, হজযাত্রীরা ‘সৃষ্টার অতিথি’। এর অর্থ তাদের বসবাস, খাবার এবং পানীয় সরবরাহ করা উচিত।
এদিন সন্ধ্যায় পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকায় হজযাত্রীদের আতিথেয়তা করছিলেন শহরটির বাসিন্দা আমের আবদুল্লাহ (৪৫)। পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে হজযাত্রীদের মধ্যে বিনামূল্যে চা ও রুটি বিতরণ করতে দেখা যায় তাকে।
জানতে চাইলে আমের আবদুল্লাহ বলেন, হজের আতিথেয়তা রক্তে মিশে আছে। মক্কাবাসীর জন্য হজযাত্রীদের সেবা করার চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে তিনি জানান, তার বাবা ও পূর্বপুরুষরা হজযাত্রীদের আতিথেয়তা করেছিলেন। এখন তিনি ও তার সন্তানরা এই রীতি ধরে রাখার চেষ্টা করছেন।
মক্কায় হোটেল ও বহুতল ভবন গড়ে ওঠার আগে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে হজযাত্রীদের আশ্রয় দিতেন। এখন অবশ্য শহরটি বহুতল ভবন, হোটেল, শপিং মল দ্বারা আবৃত। আমের আবদুল্লাহ ও তার পাঁচ সন্তান প্রতিদিন দুপুরের দিকে চা ও গরম দুধ দিয়ে ভ্যাকুয়াম ফ্লাস্ক ভরতে শুরু করে। রাতে বের হওয়ার আগে তারা শত শত রুটি প্যাকেট করে।
ফলে হজযাত্রীদের কাগজের কাপে চা ঢেলে দিয়ে আমের আবদুল্লাহকে বলতে শোনা যায়, ‘এটা এমন এক সম্মান, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।’ প্রসঙ্গত, মক্কা এবং এর আশপাশে চার দিনের ধারাবাহিক আচার পালনের মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। সব মুসলমান জীবনে একবার মক্কায় হজ পালনের আকাঙ্খাা লালন করেন এবং সামর্থ্যবানদের জীবনে একবার হজ পালনের বিধান রয়েছে।
কিউটিভি/আয়শা/২৬ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪০
