বৃষ্টির সময় দোয়া কবুল হয়

Ayesha Siddika | আপডেট: ২৩ মে ২০২৩ - ০৮:৩৬:১৮ পিএম

ডেস্ক নিউজ : সুনানে আবু দাউদের ২৫৪০ নম্বর হাদিস থেকে জানা যায়, বৃষ্টির সময় বান্দার দোয়া কবুল হয়। তাই ইসলামি স্কলাররা বৃষ্টির সময় বেশি বেশি দোয়া করার কথা বলেন। এ সময় নিজেদের দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য দোয়া করা এমনকি কল্যাণকর বৃষ্টির জন্যও দোয়া করা। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টির সময় নিচের দোয়াটি করতেন।

উচ্চারণ : আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া।

অর্থ : হে আল্লাহ্! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও। সহিহ বোখারি : ১০৩২

বৃষ্টি দেখলে নবী কারিম (সা.) এ দোয়াটিও পড়তেন।

উচ্চারণ : আল্লাহুম্মা সায়্যিবান হানিয়া।

অর্থ : হে আল্লাহ! বরকতপূর্ণ ও সুমিষ্ট পানি দান করো। সুনানে আবু দাউদ : ৫০৯৯

পাশাপাশি বৃষ্টির পানি স্পর্শ করাও নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। সুযোগ থাকলে মাঝেমধ্যে নবীজির (সা.) এই সুন্নতের ওপর আমল করার নিয়তে বৃষ্টির পানি স্পর্শ করার চেষ্টা করা। হজরত আনাস (রা.) বলেন, ‘আমরা হজরত রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। হজরত রাসুলুল্লাহ (সা.) তখন তার পরিধেয় (বস্ত্র) প্রসারিত করলেন, যাতে পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা তার রবের কাছ থেকে মাত্রই এসেছে।’ সহিহ মুসলিম : ৮৯৮

 

 

কিউটিভি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad