
স্পোর্টস ডেস্ক : গ্যারেথ বেলের নেতৃত্বে আসন্ন কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে ওয়েলস। ১৯৫৮ সালের পর প্রথমবার দেশটি বিশ্বকাপ খেলবে। সব ঠিকঠাক থাকলে, বিশ্বকাপেও বেলের নেতৃত্বেই মাঠে নামবে ওয়েলস। বেলের ভাবনায় শুধু কাতার বিশ্বকাপই নয়, ২০২৪ সালের ইউরোও।
ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন বেল। তবে বেল জানিয়ে দিলেন বিশ্বকাপ শেষেই থামছেন না তিনি, খেলতে চান ২০২৪ সালেও ইউরোও।
লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাবে যোগ দিয়ে বেল বলেন, ‘এখানে সংক্ষিপ্ত সময়ের জন্য আসিনি আমি। এই লিগে আমি নিজের ছাপ রাখতে চাই। আমার মনে হয়, এখানে থাকলে আমি ইউরো (২০২৪ সালে) খেলার এবং হয়তো আরও অনেক জয় পাওয়ার সম্ভাব্য সেরা সুযোগ পাবো। আমার বিশ্বাস, এখানে অনেক বড় কিছু করতে পারব আমি। ’
যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের মান সর্ম্পকে বেল বলেন, ‘এখানকার মান সত্যিই বেড়ে চলেছে। ইউরোপে লোকে যেমনটা ভাবে, আসলে তার চেয়ে অনেক ভালো। মান উন্নত হচ্ছে, লিগের উন্নতি হচ্ছে, স্টেডিয়ামগুলো আরও ভালো হচ্ছে, দলগুলির উন্নতি হচ্ছে। এই লিগ ক্রমশ ওপরের দিকে উঠছে। ’
কিউটিভি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩






